ভূরাজনীতি

‘গুজব’ সৃষ্টিতে দক্ষ বিএনপি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অপপ্রচার ও গুজব’ সৃষ্টিতে বিএনপিই নিপুন দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এ সময় ‘নির্বাচন কমিশন সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে’- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারও ওপর নির্ভরশীল নয়। সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র দেশের জনগণ।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন তখন হাসি পায়। স্মৃতিতে ভাসে তাদের আমলে সৃষ্ট রেকর্ডের কথা। এ দেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিলো বিএনপিই।’

তিনি বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং ‘মাগুরা মার্কা’ উপনির্বাচনের মধ্য দিয়ে বিএনপি অনিয়মের রেকর্ড সৃষ্টি করেছিলো।’

বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে তিনি বলেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থায় সবচেয়ে আজ্ঞাবহ ও বিতর্কিত নির্বাচন কমিশন ছিলেন আজিজ কমিশন। যার প্রমাণ ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে প্রহসনের নির্বাচন তারা করতে চেয়েছিলো।’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘কারও সমালোচনা করার আগে আয়নায় নিজেদের মুখ দেখুন। এদেশে মানুষের ভোটাধিকার হরণের জনক বিএনপির মুখের কথা মানুষ এখন আর বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নিজস্ব ক্ষমতা এবং আইন প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান তাদের দায়িত্ব। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব কমিশনকে সহযোগিতা করা।’

‘বিএনপি এ পর্যন্ত পদে পদে বাধা প্রদান ছাড়া একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে কোনও সহযোগিতাই করেনি, উল্টো তারা নির্বাচনে জয়ের নিশ্চয়তা চায়। কমিশন যদি বিএনপিকে জয়ের নিশ্চয়তা দেয় তবেই তাদের ভাষায় কমিশন নিরপেক্ষ’- যোগ করেন কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button