জাতিসংঘ শান্তিরক্ষীদের দুই লাখ টিকা দিল ভারত

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের জন্য দুই লাখ করোনার টিকা দিয়েছে ভারত। এরই মধ্যে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এসব টিকা পাঠানো হয়েছে। সেখানে এসব টিকা প্রাথমিকভাবে সংরক্ষণ করা হবে। পরে তা বিভিন্ন দেশের শান্তি রক্ষা মিশনগুলোয় বিতরণ করা হবে।
গতকাল শনিবার ইউএন নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও ভারতের পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত হচ্ছে করোনার এই টিকা। সেখানে তৈরি দুই লাখ ডোজ টিকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
মহামারিকালে শান্তিরক্ষীদের জন্য টিকা অনুদান দেওয়ায় ভারত সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনের প্রধান জ্যঁ-পিয়েরে লাকোয়া বলেন, সব শান্তিরক্ষীকে টিকা দেওয়া জাতিসংঘের অগ্রাধিকারে রয়েছে। টিকা শান্তিরক্ষীদের জীবন নিরাপদ করার পাশাপাশি ঝুঁকির মুখে থাকা মানুষের পাশে থাকতে তাঁদের সক্ষমতা বজায় রাখবে।
ভারতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটা দেসালিনও টিকা অনুদানের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে শান্তি রক্ষায় ভারতের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি।



