বিএনপির বিরুদ্ধে নয়, বলি বিএনপি অপরাজনীতির বিরুদ্ধেঃ কাদের

বিএনপির বিরুদ্ধে নয়, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জিম্মি নয় বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ।
কাদের বলেন, বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুঁড়ে যাচ্ছে। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না।
তিনি বলেন, যাদের দেখার চোখ নেই, তারাতো চারদিকে অন্ধকার। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে।
দেশের মানুষ ভালো আছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বের ওপর তাদের আস্থা দিনদিন সুদৃঢ় হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলসহ দেশের মানুষকে উন্নতর জীবন দেওয়াই শেখ হাসিনার লক্ষ্য।
মির্জা ফখরুল সাহেব বলছেন আমি নাকি শুধু বিএনপির কথা বলি- এর জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে।



