বাজেট পাসের আগেই বাড়ল কলচার্জ, বিটিআরসির কড়া বার্তা

২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবা অর্থাৎ কথা বলা, মেসেজ পাঠানো ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে, তা ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
কিন্তু বাজেট পাস হওয়ার আগেই মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে বাড়তি শুল্ক আরোপ করেছে অপারেটররা। বিষয়টি বিটিআরসির নজরে এসেছে।
তাই শুল্ক আরোপের কারণ জানতে চেয়ে মোবাইল অপারেটরদের চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শনিবার অপারেটর প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত চিঠি ই-মেইলে পাঠান বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ ফারহান আলম।
চিঠিতে বলা হয়, বিষয়টি প্রমাণিত হলে ‘নজিরবিহীন’ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ হবে। ফলে মোট করহার দাঁড়াবে ৩৩ দশমিক ৫৭ শতাংশ।
অর্থাৎ প্রতি ১০০ টাকা রিচার্জে সরকারের কাছে কর হিসেবে যাবে ২৫ টাকার কিছু বেশি। এতদিন তা ২২ টাকার মতো ছিল। ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে।



