রাতের আঁধারে দুর্বৃত্তরা ভাঙল বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য

নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন এ ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (৫ ডিসেম্বর) ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেছেন জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে, রাত ২টার দিকে দুজন ব্যক্তি ভাস্কর্য ভাঙচুর করছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে, তাদের প্রত্যেককেই খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, যে বা যারা ভাঙচুর করেছে তাদের কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না।



