বাংলাদেশ

রাজাকারের তালিকা প্রণয়নে আইনের খসড়া অনুমোদন

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আলশামস সদস্যদের তালিকা প্রণয়নের সুযোগ রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২০-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত ভার্চুয়াল বৈঠকে বিদ্যমান আইনটি রহিত করে নতুন আইনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। বিভিন্ন প্রক্রিয়া শেষে এটি জাতীয় সংসদে পাস হলে এটি আইনে পরিণত হবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিল বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশের জন্য সরকারের কাছে সুপারিশ করবে মুক্তিযোদ্ধা কাউন্সিল। বিদ্যমান আইনে এই বিধান নেই।’

রাজাকারের তালিকা প্রণয়নে বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘আগে আইনটি হোক। বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়নি।’

এছাড়া প্রস্তাবিত আইনে আগের মতো প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, অসত্য তথ্যের ভিত্তিতে তা করলে ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন বিধান রাখা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button