ডিএসসিসির সব ওয়ার্ডে হবে ৫ তলা কমিউনিটি সেন্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ডিএসসিসি’র সব ওয়ার্ডে একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) নির্মাণ করা হবে ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘ডিএসসিসি এলাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ’ কার্যক্রমের দ্বিমাসিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তাপস এ তথ্য জানান।
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের নতুন ১৮টি ওয়ার্ডসহ যেসব ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নেই (কমিউনিটি সেন্টার) সেসব ওয়ার্ডে তা নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সে অনুযায়ী আমরা ওয়ার্ডগুলোতে নতুন করে পাঁচতলা ভবন করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করব।’
“সেসব ভবনের একটি ফ্লোরে আমাদের কাউন্সিলর কার্যালয় থাকবে এবং আরেকটি ফ্লোরে ‘নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র’ করে দেব। যাতে করে সব কার্যক্রম একই জায়গা থেকে হয় এবং যাতে মানুষ জানে, এই ওয়ার্ডের এই কার্যালয়ে গেলেই করপোরেশনের সেবা নিশ্চিত হবে।”



