ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১৪

ইতালিতে একটি ক্যাবল কার দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির ভারবানিয়া শহরের কাছে পাহাড়ি এলাকায় কেবল কারটি দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। [ খবর: রয়টার্স ]
ইতালির আলপিনো রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘কেবল কারটি ছিঁড়ে পড়ার সময় সেটি সর্বশেষ পিলারের ঠিক আগের পিলারটির কাছে ছিল। হতাহতরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।দুর্ঘটনার পর গুরুতর আহত দুই শিশুকে হেলিকপ্টারে করে তুরিনের একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

জরুরি উদ্ধারকারী সংস্থার পোস্ট করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বনের মধ্যে কেবল কারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।
ন্যাশনাল আলপাইন রেসকিউ সার্ভিসের পক্ষ থেকে তাদের মুখপাত্র রাইনিউজ ২৪ টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এটা মারাত্মক দুর্ঘটনা। অনেক উঁচু থেকে ছিঁড়ে পড়ার কারণে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
উল্লেখ, স্ত্রেসা-মোত্তারোন কেবল কার সার্ভিস লেক মাজ্জোর ওপর দিয়ে স্ত্রেসা শহর থেকে মোত্তারোন পাহাড়ে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের পরিবহণ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ৪০০ মিটার ওপর দিয়ে ওই কেবল কার যাতায়াত করে। খবর রয়টার্স।



