ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে গুলি ও বোমা হামলা

গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে।
শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। নিশীথ অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে।
ঘটনার জেরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের জেরে রণক্ষেত্রে রূপ নেয় দিনহাটা। এক সময় গাড়িতেই আটকা পড়েন মন্ত্রী। তবে তাকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা।
জানা যায়, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের জনসংযোগ কর্মসূচি ছিল। আর তার পাল্টা তৃণমূলের তরফে ঠিক হয় নিশীথ যখন এলাকায় আসবেন, তখন তাকে কালো পতাকা দেখানো হবে। তা থেকেই পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে।
হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকেরা। এ সময় নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে একাধিক বোমা বর্ষণের অভিযোগ উঠে। পাথরের আঘাতে ভেঙ্গে যায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাঁচ। এ সময় বোমাবর্ষণের জেরে গাড়িতেই আটকে পড়েন মন্ত্রী সহ তিনজন। এতে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তারক্ষীরা মন্ত্রীকে সুরক্ষিত অবস্থায় গাড়ি থেকে বের করে নিরাপদে সরিয়ে নেন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর: সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।



