বাংলাদেশ

প্রকল্পের টাকা উইপোকা খাবে, তা চাই না: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমাদের প্রকল্পের টাকা নয়-ছয় হোক, কিংবা কোনও উইপোকা খেয়ে যাবে, তা চাই না।

সোমবার (৯ নভেম্বর) সকালে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ে নবগঠিত সিটি করপোরেশন পর্ষদকে অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

তাপস আরও বলেন, সরকারের অনেক প্রকল্পের টাকা, সেই প্রকল্পের জন্য পরিপূর্ণভাবে খরচ হয়নি, তবু খরচ দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী এ নিয়ে ক্ষোভের সাথেই বলেছিলেন, প্রকল্পের অর্থ উইপোকা খায়। মেয়র বলেন, আমি চাই না কোন প্রকল্পের টাকা কোন উইপোকা খেয়ে যাক, এটা হতে দেবো না। প্রতিটি প্রকল্পের টাকা নির্দিষ্ট প্রকল্পে ব্যয় দেখতে চাই, এক্ষেত্রে কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।’

মেয়র বলেন, ‘এর আগে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হলেও শহরের দরিদ্ররা অনেক সেবা থেকে বঞ্চিত ছিল। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে চাই। আমরা আগামীতে নগরে বসবাসরত দরিদ্রের হার ১০ শতাংশের নীচে নামিয়ে আনতে চাই।’

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। রুপকল্প-২০২১ এর আলোকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে পরিণত হয়েছে উল্লেখ করে শেখ তাপস বলেন, ‘দেশে এক সময় দরিদ্র সীমার নীচে ৭০ শতাংশ মানুষ বসবাস করত, আজ তা ২০ শতাংশে এসেছে। একই সাথে হত দরিদ্র জনগোষ্ঠী ১২ শতাংশের নীচে নেমে এসেছে। আমাদের বার্ষিক আয় ২ হাজার ডলার অতিক্রম হয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে এখন পদ্মাসেতু নির্মাণ করছি। পদ্মাসেতু সম্পন্ন হলে আমাদের প্রবৃদ্ধি ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ঢাকাকেন্দ্রিক চাপও কমে যাবে।’

Related Articles

Leave a Reply

Back to top button