বাংলাদেশ

শিগগিরই এইচএসসিতে ভর্তি কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে চলতি বছরের একাদশ শ্রেণিতে (এইচএসসি) তথা সমমানে বিলম্ব হলেও শিগগিরই নীতিমালার আলোকে শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে ।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১০ আসনের এমপি শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও কোভিড ১৯-এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে কোনো ইংরেজি মাধ্যম স্কুল নেই। বেসরকারি পর্যায়ে ১৪৫টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে।

শফিউল ইসলামের এক প্রশ্নের জবাবে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

Related Articles

Leave a Reply

Back to top button