বাংলাদেশ

দেশে ২১ কোটি ডোজ করোনার টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই বিভিন্নভাবে দেশে ২১ কোটি ডোজ করোনার টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ।

তিনি বলেন, ‘‘শিগগিরই বিভিন্নভাবে দেশে ২১ কোটি ডোজ করোনার টিকা আসছে। টিকা সংকটে একসময় বন্ধ হয়ে যাওয়া টিকাদান কর্মসূচি পুনরায় চালু হওয়ার পর ১৬ কোটি মানুষের জন্য একটি সুসংবাদ। টিকার আর কোনও অভাব হবে না।’’

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সব মিলিয়ে ২১ কোটি টিকার ব্যবস্থা হয়েছে। এর মধ্যে রাশিয়ার স্পুটনিক ভি ১ কোটি ডোজ, চীনের সিনোফার্মের ৩ কোটি ডোজ, অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ, কোভ্যাক্সের আওতায় ৭ কোটি ডোজ ও জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, ‘দেশজুড়ে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ওয়ার্ড পর্যায়ে জোর দেয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নেরও নির্দেশনা দিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ কার্যক্রম যাতে ওয়ার্ড থেকেই শুরু হয়ে যায়। ওয়ার্ডে যেসব বসস্ক লোক আছে, তাদেরকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা। কারণ তাদের মধ্যে ভ্যাকসিন নেয়ার অনীহা আছে। অথচ হাসপাতালে গ্রামের বয়স্ক লোকেরাই আছেন ৭৫ শতাংশ, ঢাকা শহরেও। তাদের মৃত্যুর সংখ্যা বেশি এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ শতাংশ।’

ফ্রন্টলাইনে যারা আছেন, তাদের অনেকেই ভ্যাকসিন পেয়েছেন উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘বাকি যারা আছে তাদের এবং তাদের পরিবারকে ভ্যাকসিন দেয়ার জন্য বলা হয়েছে। এ কাজটি আমরা অতিদ্রুত শুরু করে দেবো। ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে জোরদার বেশি করবো। করোনার পরীক্ষার বিষয়েও জোর দেয়া হয়েছে। জীবন বাঁচাতে বিধিনিষেধ মানতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘২১ কোটি ভ্যাকসিন ১৪ কোটি মানুষকে দেওয়া যাবে, অর্থাৎ ৮০ শতাংশ মানুষ। আমরা চাই সবাইকে ভ্যাকসিন দিতে। ২১ কোটি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রতি মাসে ১ কোটি করে ধরলে ২১ মাস সময় লাগার কথা। তবে আমরা আরও কম সময়ের মধ্যে সেগুলো দিতে চাই।’

Related Articles

Leave a Reply

Back to top button